ঈদ আসে দ্যুতির বাঁকা ধনুকে
আকাশে চলমান প্রেক্ষাগৃহে
সন্ধ্যার চিহ্ন আঁকে ফেরেশতা
অপেক্ষার অন্তিম অনশন শেষে।
ঈদ আসে করুণার জ্যোতি নিয়ে
জর্দা আর জাফরানের রঙে রঙে
বিপণীর খোলা দরোজায় জড়ি,জড়োয়া
শিশু কিশোর তরুণীর উজ্জ্বল মুখে।
জ্যোৎস্না ধরা দেয় দীঘল চুলে
আতর গন্ধে নির্মল আনন্দে
বিশ্বাসের মর্মে উপলব্ধির ঘ্রাণে
ঈদ আসে মহিমার মাহাত্ম্যে।
পূর্বসূরীদের পরম্পরায় ঈদ আসে
আলিঙ্গন আরাধনায় অমলিন ভালোবাসায়
এ যেনো আরেক বিজয় আকাশের ওপার
ফেরদৌসের অনন্ত মালিকানায়।










