বৈশাখী রুদ্র দুয়ারে বসন্তের বিলাপ
ঝলসানো বুকের পরাগধানী ভালোবাসার সন্তাপ।
চারুকলার রংতুলি রাতজাগা আল্পনা রাজপথে
ভীষ্মের কন্যার আগুনের শাড়ি ডুগডুগি হাতে।
পুরনো খোলস পাল্টে নতুন বাকলে শুভদিন
মঙ্গল শোভাযাত্রায় ঢোলক বাজায় অগ্নিকোণ।
তোমার আমার এই শহর,শহরতলি, কানাগলি
এই নদী,পথে পথে ফোটা অবহেলার ফুলকলি।
উথালপাথাল আউল বাউল কাকের ছানারা নীড়ে
কৃষক বউ-য়ের চালাখানি ঝড়ে গেলো যে উড়ে ।
উন্নাসিক জীবন ভাঙা ঘর দরোজা মন
ধূলো ধোঁয়াশায় বর্জ্য,উপচে পড়া ডাস্টবিন।
সময়ের শলতে পুড়ে নীরব নির্জনে অনুক্ষণ
শাঁখ বাজিয়ে দারুণ বৈশাখ,ঋতুর আবর্তন।
প্রকৃতি দাপিয়ে বেড়ায় বৈশাখী অগ্নিঘোড়া
মেঘবালিকার চোয়াল ফেটে খানিক রক্ত ঝরা।
















