মুগ্ধ আকাশ অবাক হয়ে দেখে
দুধসাদা কাশ হাওয়ায় নেচে-নেচে
হাতছানিতে ডাকছে তাকে এসো…!
শ্যামল মায়ের মায়াবী দোলনাতে
দুলে দুলে কাশের সাদা মেয়ে
সহজ হাসি ছড়িয়ে আকাশটাকে
দেখছে কেমন মুগ্ধ নয়ন মেলে…।
এমন সময় কোত্থেকে ঝাঁকবেঁধে
শ্বেতবলাকা পাখনা মেলে উড়ে
নীল আকাশের পাশটি কেটে শেষে
কাশকন্যের কপোল দিলো চুমে।
এরপরে সেই শ্বেত-বলাকাগুলো
আবেগমাখা মিষ্টিমেদুর ডেকে
দূরের আকাশ পেরিয়ে গেলো চলে..।
কাশের ডাকে আকাশ ভেবেছিল
কাশমেয়েদের শুভ্র-শ্বেত গালে
ধন্য হবে আদর এঁকে দিয়ে।
কিন্তু সেটা আর হলো না দেখে
দূরের আকাশ কষ্ট পেয়ে মনে
জমিয়ে চোখে অশ্রু মেঘমালা
বৃষ্টি হয়ে ভাসিয়ে দিলো সবে।
কাশের যত আনন্দ যায় থেমে…
শ্বেত-বলাকার পাখনা গেল ভিজে
দিনের খেলা সাঙ্গ করে শেষে
মিলায় সাঁঝে দিগন্তেরই রেখা…!
সাঁঝের এমন আঁধার নিরজনে
মা-মাটি খুব আদর-স্নেহ দিয়ে
কাশমেয়েদের নেয় শিয়রে টেনে।
এমনতর আবেগঘন শোভা…
দেখেই হেসে উঠলো শারদ-শশী!
জোছনাঝরা চাঁদের মায়া মেখে
ফের খুশিতে নাচলো কাশের মেয়ে!









