আজ কবি, সাহিত্য সমালোচক ও সম্পাদক আরিফুল ইসলামের জন্মদিন।জামালপুর জেলার ইসলামপুর সদর উপজেলায় ১৯৮২ সালের ১৫ এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি।
আরিফুল ইসলাম আপাদমস্তক একজন কবি এবং সাহিত্য সমালোচক, যিনি সাহিত্য জগতে ছোটকাগজ রচয়িতা সম্পাদক হিসেবে সর্বাধিক পরিচিত।
তিনি মো. হাবিবুর রহমান এবং মিসেস ফাতেমা বেগমের পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ। স্ত্রী সাপিয়া রিক্তা, ছেলে রুদ্র ইসলাম এবং মেয়ে রিতু ইসলামকে নিয়ে তাদের আলাদা সংসার।
কবি আরিফুল ইসলাম পেশায় একজন সফল উদ্যোক্তা। তিনি রুদ্র কম্পিউটার অ্যান্ড স্টেশনারি হাউসের নির্বাহী পরিচালক। এছাড়া রিতু ও জংশন প্রকাশনের সম্পাদক ও প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি দীর্ঘদিন ধরে অনলাইন দৈনিক সাহিত্য বার্তার সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করেছেন। তিনি বহুল আলোচিত দুই বাংলাখ্যাত ছোটকাগজ রচয়িতা’র সম্পাদক, যা উভয় বাংলার সাহিত্যিকদের কণ্ঠস্বরকে সংযুক্ত করেছে।
তিনি নিজ এলাকা ইসলামপুরের বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক। এরমধ্যে ব্রহ্মপুত্র কালচারাল একাডেমি, ইউট স্কুল (সুবিধাবঞ্চিত শিশুদের জন্য), রচয়িতা সাহিত্য পরিষদ ও ইসলামপুর সাহিত্য সংসদ উল্লেখযোগ্য।
তার প্রকাশিত রচনার মধ্যে রয়েছে কালো মুখোশ (কবিতা, ২০০৯), সাত তারার ময়ূখ (কবিতা, ২০১০), বাংলা সাহিত্যে বাঁকবদল (প্রবন্ধ, ২০১২), অপেক্ষার শেষ প্রহর (উপন্যাস, ২০১১), গুমের চিতায় স্বাধীনতা (কবিতা, ২০১৭), রুদ্র ও অনন্যা কবিতা (কবিতা, ২০২২) ও
পৃথিবীর প্রথম দরজা ( কবিতা, ২০২৬)।
জন্মদিনে কবির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।






















