না, আমি কোনো বিচার চাই না
বিচার চাই না কোনো
মানুষের আদালতে,
কেননা এই আদালত আজ অন্ধ।
না, আমি আজ কোনো সমবেদনা
জানাতে আসিনি,
আসিনি সান্ত্বনা বাণী শোনাতে, কেননা
মানুষের বিবেক আজ বন্ধ।
যেসব ফুলগুলো ঝরে গিয়েছিল
এখনো ঝরছে, আগামীকালও
ঝরবে—তাদেরকে কোনো ফুল দিয়ে
বিদায় জানাব?
এইসব সদ্যফোটা শিশুগুলো তো
কোনো রাজনীতি করত না,
তোদের যুদ্ধ-যুদ্ধ খেলা অথবা
সুদের কারবার কিছুই বুঝত না।
তবু তোদের ক্ষুধার্ত পকেট ভরাতে
অবুঝ শিশুদের প্রাণ দিতে হলো,
তারপরেও তোদের নির্লজ্জ আস্ফালন
দেখেও সুশীল ঘুম ভাঙল না।
না, আমি ফুলেদের বাবা-মায়ের সাথে
সমব্যথী হতে আসিনি,
আসলে সমব্যথী হওয়া যায় না
নির্মম হত্যা মেনে নেওয়া যায় না।
কত কত শিশু মারছে কাতারে কাতার
দেখি মায়ের কোলে কাফনে
মোড়ানো সন্তান তার,
ওদিকে টাকার সমুদ্রে তুই দিচ্ছিস সাঁতার।
শুনি তোদের গলাবাজি, মব-বাজি,
নির্লজ্জ সাংবাদিক সম্মেলনে
নিষ্পাপ হাসাহাসি, পাঁচতারকা হোটেলে
কখনো করছিস ক্ষমাতা ভাগাভাগি।
হায় ঈশ্বর! তোমার কাছে
ফরিয়াদ জানাই,
এই হায়নার ওপর তোমার
খাস লানত বর্ষণ চাই।
এই পৃথিবীর বুকেই অসুরের
বিনাশ দেখতে চাই,
সেইসব জালিমের ওপর
গজব নাজিল চাই।





