কিছু দুঃখ হৃদয়ে গেঁথে আছে
প্রাচীন কবরগাত্রে মার্বেল পাথরে
উৎকীর্ণ এপিটাফের মতো!
হৃদয়ে এতো যে ঝড় বয়,
মেঘ জমে বৃষ্টি হয়ে ঝরে,
কখনো কখনো প্রবল বর্ষণে
হৃদয় তল্লাট ভেসে যায়,
দেশের ক্ষমতারও কতো পালাবদল হয়
কিন্তু দুঃখগুলো যায় না মুছে !
বরং থেকে থেকে তা বিশাল মহীরুহের
মতো শেকড় ও ডালপালা বিস্তৃত হয়ে
পুষ্পপল্লবে শোভিত হয়!
মাঝেমধ্যে দুঃখগুলোকে জানালার পাশে
থাকা অপরূপা বাগানবিলাস বলে ভ্রম করি!
কখনো যত্ন করে ওর গোড়ায় জল ঢালি ,
আগাছা পরিষ্কার করে ছেঁটে রাখি!
ওরা যে আমায় ভালোবাসে ভীষণ!
তাই থাকুক না দুঃখগুলো!
কী আর এমন ক্ষতি
যদি আমৃত্যুই দুঃখগুলো রয়ে যায়!





