” প্রিয় বিরহ, তোমার কাছে ”
।। গোলাম কবির ।।
প্রিয় বিরহ,
তোমার কাছে আমার কৃতজ্ঞতা সীমাহীন!
তোমাকেই লিখছি আমার
এই ঘুঘু ডাকা দুপুরের নির্জনতায়
নীল কষ্টে আকুল হৃদয়ের সবটুকু অনুভূতি
নিয়ে ঠিকানা বিহীন চিঠি যা আদৌ
পৌঁছাবে কী না তোমার কাছে কে জানে!
একলা থাকার কষ্টে যখন ডুবে যাই
অতল অন্ধকারে, তখন তুমি ছাড়া
বলো আর কে থাকে আমার ?
থাকে না, তো!
শুধু তুমি থাকো আমার গহীন ভিতরে
যখন জ্বলতে থাকে ভিসুভিয়াস,
যখন মধ্য রাতে একলা জ্বলে
আমার সকল দুঃখের মোমবাতি,
জ্বলতে জ্বলতে সেই আলো নিভে গেলে
তখনও আমায় ছেড়ে চলে যাও না কোথাও!
তাই তো তুমি, শুধু তুমিই আমার একমাত্র
আপন বলতে যা বোঝায়, তাই!








