আমি ভাবতে পারি না
এ বৃষ্টিতে তুমি কতটা সিক্ত হয়েছো
আমার জানালার পাশে
লাল কৃষ্ণচূড়ার চেয়ে
তুমি কতটা রঙিন হয়েছো
আমি জানতে পারি নি
টলমল নদীর কতটা বাঁক নিয়ে
তুমি মিশেছো সমুদ্রে
আমি অনুভব করতে পারি নি
বৃষ্টি ভেজা কামিনীর মত ঘন সন্ধ্যায়
তুমি শুকতারা হয়ে
কতটা স্নিগ্ধতা ছড়িয়েছো
আমি খোঁজ নেই নি
একে একে দিন পেরিয়ে শুক্লপক্ষের পূর্ণ চাঁদের মতো
কতটা বিকশিত হয়েছে তুমি
আমার জানা হয় নি
কী করে জানবো বলো
আমি যে তোমার মাঝে লীন হয়েছি
আমার যে এখন বিবর্ণ বিষণ্ন বিধুর ভাদ্রকাল
অনাঘ্রাত স্বপ্নের আলয়ে-
আমার যে এখন শীতনিদ্রা প্রিয়তম।












