মেঘ ভেঙে বৃষ্টির জল
পাহাড় ভেঙে সমুদ্রে গড়ায়
মানুষ ভাঙলে আকাশের সিঁড়ি খুলে যায়
চড়ে বসে বন্ধ চোখে অন্ধ আস্থায়।
প্যাসিফিক ছুঁয়ে সদ্যফোটা স্নিগ্ধ অ্যানিমোন ফুল
ব্যাবিলনের চাঁদ তখনও ঝুলে
সমুদ্রজলে পা ডুবিয়ে তুমিও দাঁড়াও
নিশ্চুপ চেয়ে দেখো আধো ভাসা মানুষ।
বৃক্ষরা পরস্পর কথা বলে
গাঙচিল ওড়ে কৌতূহলের পাখায়
পরিযায়ী পাখির মাখামাখি,চোখ তুলে দেখো
অস্পষ্ট স্বরণ পূর্ব-জীবনের গল্প-পুরাণ।
এরই মধ্যে পোশাক পরে রাতের আকাশ
শহর ঘুমায় মানুষের ঘরে,কুঁড়েঘরে
পূণ্যপ্রাণ প্রকৃতির অনুগত নিঃশব্দ সমাবর্তন
জন্মান্ধ প্রাসাদ জেগে থাকে—কেনো জাগে?
সভাকবি আলাওলের কপালে অজস্র ভাঁজ
দর্পণে উজ্জ্বল তারকাদের নিশিপোশাক
মধ্যরাতে শব্দহীন বাস্তুচ্যুত শ্লোগান
কবির চোখের ভাষায় নীরব প্রত্যাখ্যান।
স্বত্ব সংরক্ষিত









