হেমন্তের বিরহী গোধূলিতে,
ঝরে পড়া হলুদ পাতাদের গল্প
যেন অস্পষ্ট বিলাপের মতো।
বড্ড অনাকাঙ্ক্ষিত, বর্জিত।
এ যেন স্বপ্নহীন সবুজের বুকে
এক অকাল মৃত্যু কান্না।
কষ্ট কান্না আজ চারিদিকে,
প্রকৃতির কোলে একাকী বৃক্ষের
হাহাকার, আকাশের বুকে মেঘেদের
ভেঙ্গে পড়া জমাট বাধা অশ্রুর মতো,
এ এক অপার বিষাদময় সমকাল।
সমাজে কান্নাই এখন হয়েছে
জনতার হৃদয়ের করুণ সুর,
যেখানে জীবনের প্রতিটি খাঁজে,
ধরা পড়ে মানবতার দগ্ধ মুখ।
জাতীতে জাতীতে আজ কর্তৃত্বের
অন্তরালে ক্ষুধার্ত চিৎকারের প্রতিধ্বনি,
সকল মানব যেন আজ অমানবিকতায়।
জন্মাবধি এ দেশের মাটি যে
কতবার ঝরিয়েছে মুক্তির পাতা,
ঝরিয়েছে অবিরাম কান্না আর
রক্তাক্ত মরণের অশান্তিরস।
এ অকাল অনাকাংঙ্খিত কান্না,
আর কত সহ্য করা যায়? আর কত
সহ্য করা যায় বঞ্চিত জীবনের কথা,
কিছু স্পষ্ট আর অস্পষ্ট অধ্যায়।
এখন দরকার একটি জীবনমুখী বলিষ্ঠ আওয়াজ, দরকার একটি কিন্নরী কবিতা,
যে শুনাবে যৌথ স্বরের সৌম্যের ডাক,
শুনাবে শান্তির, ন্যায়ের, প্রেমের, প্রতিদানের
সুর। যেন অকালেই আর না ঝরে বসন্তের
শন শন ঝরা পাতাদের বিভ্রান্তি বিলাপ।
৬ সেপ্টেম্বর, ২০২৫।









