যে দামে স্বর্ণ লুটেরা
রক্ত বিকোয়
রক্ত ঝরায়
ভেজায় মাটি
ভেজায় শেকড়
অরণ্য ধূপছায়া।
সে দামে স্বর্ণ লোলুপ
রাক্ষুসে হাত খুঁচিয়ে হৃদয়
হৃদয় পিন্ড, রক্ত নদীতে
আনন্দে সাঁতরায়।
যে দামে বিকোয় নিষ্প্রাণ সোনা
জীবনের দামে, প্রাণহীন যত
মানুষ নামের অকথ্য জানোয়ার
সে ধাতুর নিশ্বাস
ফুসফুসে নেয় টেনে।
সুদান–, আমার রক্তনদীর মহাস্রোতময়ী বান-,
আসবেই দেখো
তোমার মাটিতে
সোনারঙা যত স্বর্ণজয়াী দিন ,
রক্তলোলুপ রাক্ষস আর দানবের দল
সোনা দানা আর মনি মুক্তার লোভাতুর যত
হিংস্র দানব – মানুষ তো নয়
স্বজাত চেনে না তাই।
নিষ্প্রাণ ধাতু রক্তের দামে কেনে
রক্ত লোলুপ হায়েনা যখন তোমার মাটিতে হাসে
রক্তস্রোতের প্রমত্ত মহাস্রোতে
ডুবাও ভাসাও, গলা টিপে মার
টুকরো করো শাণিত তোমার রক্তের তলোয়ারে।










