তোমার জন্য আর কত অপেক্ষা
– পলক রহমান।
আবার এলো ফেব্রুয়ারী মাস। তোমার জন্য আর কত অপেক্ষা? ক্যালেন্ডারের পাতায় লাল গোলাপ এঁকে দিন গুনি, রাত গুনি, নিঃশ্বাস গুনি। ফেব্রুয়ারির হালকা রোদে হৃদয়ের ভেতর কেমন এক নরম অস্থিরতা টের পাই।
আজ Valentine’s Day- শহরের পথে পথে ভালোবাসার রঙ, ভালোবাসার হাতে হাতে লাল গোলাপ, চোখে চোখে প্রতিশ্রুতি। আর আমি- তোমার নামের ভেতর আশ্রয় নিয়ে একটা দীর্ঘ প্রতীক্ষার রাস্তার পাশে বসে আছি সেই কবে থেকে।
তোমার জন্য আর কত অপেক্ষা- বলতে পারো? এই যে অদেখা হাতের উষ্ণতা এখনও আমার আঙুলে জড়িয়ে আছে কল্পনায়, এই যে হাসির ভিতরে অশ্রু লুকিয়ে রাখি, বুকের মধ্যে দীর্ঘশ্বাস, তুমি কি তা অনুভব করো?
তোমার জন্য আর কত অপেক্ষা- যদি লাগে আর এক জীবন, তবু থাকব। কারণ ভালোবাসা কোনো দিনের নয়, কোনো উৎসবেরও নয়- ভালোবাসা মানে তোমার দিকে অবিরাম হাঁটা, অন্তহীন, নির্ভীক, অনন্ত।
আজকের এই ভালোবাসার দিনে তোমার নামেই আমার সমস্ত আলো, তোমার জন্যই আমার প্রতিক্ষা, সকল ভালোবাসা, এসো- এই অপেক্ষাকে মেনে নিয়ে একে পরিণত করি একটি চিরন্তন আলিঙ্গনের স্পর্শ রুপে।











