বাংলা ভাষা ও সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি গোলাম কবির। তাঁর সামগ্রিক কাব্যদর্শনের মূলে রয়েছে একাধারে মরমী আধ্যাত্মিকতা, প্রবল সমাজ সচেতনতা এবং শাশ্বত বাংলার প্রকৃতির প্রতি এক গভীর অনুরাগ। তাঁর কবিতা কেবল শব্দের কারুকাজ নয়, বরং এটি সমকালীন সময়ের অস্থিরতা ও মানুষের নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে এক পাহারাদার হিসেবে কাজ করে। কবি মানুষকে তাঁর হারিয়ে যাওয়া মনুষ্যত্ব পুনরুদ্ধারের আহ্বান জানান এবং সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে থাকা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন। জটিল উপমা বা কৃত্রিম ভাষার পরিবর্তে তিনি অত্যন্ত সাধারণ এবং প্রাঞ্জল ভাষায় জীবনের গভীর সত্যগুলোকে তুলে ধরেন, যাকে তিনি ‘ফকফকা সকালের মতো স্নিগ্ধ সুন্দর’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর দর্শনে ইসলামি জীবনবিধান এবং মরমী প্রেম একে অপরের পরিপূরক। তিনি ধর্মকে বাহ্যিক আচার অপেক্ষা অন্তরের প্রেমের নামান্তর বলে বিশ্বাস করেন। বিভাজনমুক্ত এক অখণ্ড মানবিক বিশ্বের স্বপ্ন দেখেন, যেখানে ধর্ম বা রাজনৈতিক মতাদর্শ মানুষকে আলাদা করবে না। তাঁর সর্বশেষ প্রকাশিত কাব্যগ্রন্থ ‘মায়াবী ফাঁদ'(প্রথম প্রকাশ অমর একুশে গ্রন্থমেলা ২০২২) পাঠ করলে কবির জীবন দর্শন ও কাব্য কৃতিত্বের একটি স্বচ্ছ ধারণা পাওয়া যায়। তিনি সমকালীন সমাজ, মানবতা, এবং আধ্যাত্মিক চেতনার সংমিশ্রণে নিজের একটি স্বতন্ত্র কাব্যভাষা তৈরি করেছেন।
কবিতায় দৃষ্টি ফেরালে দেখতে পাই, তাঁর জীবনদর্শন অত্যন্ত গভীর ও বহুমাত্রিক। তিনি জীবনকে কেবল আনন্দ বা বেদনার খতিয়ান হিসেবে দেখেননি, বরং এর অন্তরালে থাকা সত্যকে খুঁজেছেন।
মানবতা ও নৈতিক মূল্যবোধ: কবির দর্শনের মূলে রয়েছে হারানো মানবতা ও মূল্যবোধের পুনরুদ্ধার। তিনি বর্তমান সময়ের মানুষের নৈতিক অবক্ষয়, স্বার্থপরতা এবং পাশবিকতায় ব্যথিত।কবিতায় সমাজের অসংগতি নিয়ে কবির তীব্র ক্ষোভ স্পষ্টভাবে ফুটে উঠেছে।
মনুষ্যত্বের অবক্ষয় সম্পর্কে বলেছেন:
“হিমশীতল বরফের দেশের মাইনাস তাপমাত্রার / কতোটুকু নীচে মনুষ্যত্ব নামলে মানুষকে / তখনো মানুষ বলা যাবে?”
সামাজিক অবিচার ও প্রতিবাদেও কবির গর্জন:
“দেশটা এখন মনে হয় / ধর্ষকদের দখলে চলে গেছে, / ওদেরই এখন পৌষমাস, বাকি সবার সর্বনাশ!”
দুর্নীতির বিরুদ্ধেও ধিক্কার:
“শহরের সমস্ত পথঘাট, নদীনালা, / খালবিলে পড়ে থাকবে এতোদিনে / জমা করা সব দুর্নীতি করে জমানো / সম্পদ বেওয়ারিশ কুকুরের মতো।”
অসাম্প্রদায়িক চেতনা: কবি নিজেকে সংকীর্ণ ধর্মীয় বা রাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ রাখেননি। তিনি দুই বাংলার বিভক্তি কিংবা ধর্মের ভিত্তিতে মানুষকে আলাদা করাকে নিজের ‘অক্ষমতা’ বা অনীহা হিসেবে প্রকাশ করেছেন। তাই সংকীর্ণ জাতীয়তাবাদ বা ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখতে চেয়েছেন।
বিভক্তির বিরুদ্ধে অবস্থান জানাতে উল্লেখ করেছেন:
“আমি কখনো পারিনি / দুই বাংলাকে ভাগকরা মেনে নিতে, / আমি কখনো পারিনি / মানুষকে শুধুমাত্র ধর্মের কারণে / আলাদা করে ভাবতে…”
অহংকারমুক্ত হৃদয়ের আহ্বানেও কবির কণ্ঠস্বর স্পষ্ট :
“এসো সকল বন্ধু-স্বজন আমার- / অহংকারের সকল সিঁড়ি ভেঙে ফেলি, / গড়ে তুলি অহংকার মুক্ত মানব হৃদয়ের / খোলা আকাশ…”
প্রকৃতি ও আধ্যাত্মিকতা:
তাঁর দর্শনে প্রকৃতি এবং স্রষ্টা একীভূত হয়ে যায়। নদীর প্রবাহ, মেঘের আনাগোনা কিংবা বৃষ্টির শব্দের মাঝে তিনি পরম সত্তার উপস্থিতি অনুভব করেন। নদীর প্রতি আজন্ম টানের পরিচয় ফুটে ওঠে :
“আমার কাছে নদী মানেই জীবন, / নদী মানেই আবাল্য শৈশবের সুখ দুঃখের সাথি…”
প্রকৃতির সাথেও রয়েছে একাত্মতা: “সেদিন তোমার খিলখিল হাসিতে / ফেটে পড়া দেখে আমার কেবলই / খোয়াই নদীটার কথা / মনে পড়ে যায়, মনে পড়ে যায়!”
আধ্যাত্মিক বিবর্তনের পরিচয়ও দিয়েছেন। অর্থাৎ ইসলামি দর্শনের শরিয়ত, তরিকত এবং হাকিকতকে তিনি একটি নারিকেলের স্তরের সাথে তুলনা করে অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করেছেন, যা তাঁর গভীর জীবনবোধের পরিচয় দেয়।
ইসলামি দর্শনের এই গভীর তত্ত্বকে তিনি অত্যন্ত সহজ ও মরমী ঢঙে উপস্থাপন করেছেন:
“খোসা ছাড়িয়ে কষ্ট করে চারিদিকে / পরিষ্কার করে ভেঙে দেখো! / এখন পেলে কিছু? / শুধুই মিষ্টি সুপেয় পানি! / জ্বী হ্যাঁ, ওটাকেই শরিয়ত বলে!”
প্রেম ও ধর্মের অভিন্নতা বোঝাতে লিখেছেন: “তোমার সাথে প্রেমের নামই / আমি ধর্ম বলে মানি…”
গোলাম কবিরের কাব্য কৃতিত্ব মূলত তাঁর সহজবোধ্য ভাষা এবং বিষয়বস্তুর বৈচিত্র্যের মধ্যে নিহিত। কবি নিজেই স্বীকার করেছেন যে তাঁর কবিতা অত্যন্ত সাদামাটা এবং চোখের সামনে দেখা সরল বিষয়ের প্রতিফলন। তাই লিখেছেন:
“কোনো কাব্যিকতা / নেই, চোখ ধাঁধানো অদ্ভুত সুন্দর / কোনো উপমা, চিত্রকল্প কিংবা / নিদেনপক্ষে ভাষাটাও তো তেমনই / কাব্যিক না হয়ে একদম সাদামাটা…”
কবিতার সংজ্ঞায় বলেছেন: “এগুলো হচ্ছে আসলে / আমার পৃথিবী জোড়া বিশাল ক্যানভাসে / অক্ষরের এলোমেলো / আঁচড়ে আমার আনন্দ ও বেদনার / নীল উপাখ্যান…”
কোনো জটিল উপমা বা চিত্রকল্পের বদলে তিনি সাধারণ মানুষের বোধগম্য ভাষায় মনের কথা প্রকাশ করেন। তিনি কেবল প্রেমের কবি নন, বরং একজন প্রতিবাদী কণ্ঠস্বর। ধর্ষণ, দুর্নীতি, এবং যুদ্ধের বিরুদ্ধে তাঁর কলম ক্ষুরধার। ‘ধর্ষকদেরই পৌষমাস’ বা ‘সর্বনাশ’ কবিতায় তাঁর এই বলিষ্ঠ সামাজিক সচেতনতা স্পষ্ট। কবিতায় প্রেম কখনো জাগতিক অবহেলা পানের আকুতি, আবার কখনো তা স্রষ্টার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ। তিনি বিরহকে মিলনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সংসারের চাপে হারিয়ে যাওয়া স্বপ্ন ও শৈশবের স্মৃতি তাঁর কাব্যের অন্যতম প্রধান উপজীব্য। বাস্তবতার নিষ্ঠুরতাকে এভাবে প্রকাশ করেছেন: “চাল, ডাল, তেল, নুন আর সন্তানের বেড়ে ওঠার / জোগান দিতে গিয়ে সব ভুলে যাই, সব!”
হারানো দিনের হাহাকারও ফিরে এসেছে:
“ইচ্ছে হয় আবার যদি ফিরে পেতাম / হারিয়ে যাওয়া সেইসব / নীল খামের ভিতরে ভুল বানানে / ভরা প্রেমপত্রের দিনগুলো!”
নদী কবির কবিতার একটি অবিচ্ছেদ্য অংশ। খোয়াই, সন্ধ্যা, কর্ণফুলি সহ বাংলার অজস্র নদীর প্রতি।










