ঘুম ঘুম চোখে
দ্বার খোলা বুকে
এলোমেলো বিছানার চাদরে
সকালের আদরে
আলতো ছোঁয়ায় ঘুম ভাঙতে
যদি চোখ পড়ে তার চোখেতে
জানি কাঁদবে তুমি কাঁদবে
এই আমায় মনে পড়বে।
দুপুরের ক্লান্তিতে
প্রাচুর্যের বিভ্রান্তিতে
ফুরিয়ে যাওয়া অপেক্ষায়
অবশেষে খাওয়া ফুচকায়
হঠাৎ বিজলি চমকাবে মনে!
জায়গা খুঁজবে লুকাবে কোনখানে।
জানি কাঁদবে তুমি কাঁদবে
এই আমায় মনে পড়বে।
ঘড়ির কাঁটায় ঠিক পাঁচটা
ফেলে আসা সেই গাছটা
মার্সিডিজের জানালায় ছুটন্ত অহংকারী তুমি
রিকশায় একদিন সাথে ছিলাম অবাধ্য আমি
আকাশের মেঘগুলো সরে সরে গেলে
রিকশাগুলো এখনো চলে হুড তুলে
জানি কাঁদবে তুমি কাঁদবে
এই আমায় মনে পড়বে।
যখন আঁধার করে আয়োজন
আদিম হিংস্রতা মেটায় প্রয়োজন
তবু ওঠে না জেগে ওঠে না মন
একটা ফুল তবু ফোটে না যখন
বাহিরে ঝুম বৃষ্টি
ঝাপসা তোমারও দৃষ্টি,
জানি কাঁদবে ভীষণ কাঁদবে
এই আমায় মনে পড়বে।
________________________🖊️নিল হাসান











