অস্থির ঝালর অশান্ত শ্রাবণধারা
নীল হরিণী ঝড়-জলে অরণ্যে দিশেহারা।
শ্যামল আঁচল কদম কেয়া কেতকীর বুকে সঞ্চিত জল
নকশীর ফোঁড়ে স্বপ্ন বুনে গাঁয়ের যুবতী নারীদল।
শ্রাবণ,চন্দ্রাহত পূর্ণিমার বুকে কেঁদোনা
বর্ষা হয়ে ঝরে প্রেম দূর গাঁয়ের ললনা
বেদনার নীল হ্রদে অবিরল ঢেউ তোলো না।
হৃদয়ে অশান্ত ঢেউ ফণিমনসার কাঁটা বিদ্ধ
চিলেকোঠায় পাথরের মমী সুগন্ধি নিশিপদ্ম।
ধূসর শ্রাবণ বেলা স্মৃতির গুঁড়ো গুঁড়ো বৃষ্টি কণা
ট্রেনের চাকা কঠিন ইস্পাতে ভিজে আত্মার সীমানা
ধ্যানমগ্ন পাথরের নির্ঝরে ফাটল চিহ্ন এঁকোনা।
বান ডেকেছে প্রলয় বীণা তিস্তা গোমতী মহানন্দা আত্রাই
কৃষকের সোনালি স্বপ্ন হাওরজলে,আশ্রয় কোথা পাই !
মাচার ওপর নীড়খানি বধূর নির্ঘুম চোখে ক্লান্তির নিশানা
এমন করে কেঁদোনা,বানভাসি বধূর স্বপ্নবাসর নিশ্চিহ্ন করো না।
স্বত্ব সংরক্ষিত
২৬/৬/২০২৫










