দুঃখ রঙে আঁকা আকাশ
এই পৃথিবীর মাথার উপর
অশেষ দুঃখ নীল,
বুকের মাঝে উপচে ওঠা
দুঃসহ এক ব্যথার সাগর
অসহ এক যন্ত্রণা আর
গুমড়ে ওঠা অশ্রু রক্ত নহর।
একটি জুলাই-
এই পৃথিবীর দীর্ঘতম রক্তস্রোতী নদী–
৩৬ শে এক মাস,
হৃদ গহীনে ধারন করা কত শত হাজার যেন
সন্তান আর স্বজন আপন প্রিয় পরিজন?
হৃদয় উঠোন আলোয় আলোয় ভরেছিল যারা
হারিয়ে গেছে, মহাবিশ্বের ৩৬ শে এই মাসে।
কোথায় কাঁদি কোথায় গিয়ে খুঁজি
কোথায় গিয়ে মনের জ্বালা যন্ত্রণাটা জুড়াই?
মাতৃভূমির প্রেমে ভরা রক্তে ভেজা
ওদের ছিল আকাশ ছোঁয়া দীপ্ত শ্লোগান–
মনে আছে?
এখন রক্তখেকো শকুন শেয়াল
জানোয়ারের পিষ্ট পদানত –।
বৃহত্তম মাসের জুলাই, – বৃহত্তম রক্তসাগর
ব্যথার নহর হয়ে —
বাংলাদেশের রক্তরাঙা ধুলোয়
সহস্র সেই শহীদ যুবার নিথর মুখচ্ছবি
আকাশ জোড়া অশেষ দুঃখ নীলে –,
এক বছরের জবাবদিহি নেবে
বলো কি তার জবাব দেবে??
- হৃদয়স্নাত শ্রদ্ধান্জলী মহিমান্বিত জুলাই আন্দোলনের মহান শহীদ ও আহতদের পবিত্র চরণ কমলে।










